আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর) মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। আবেগঘন বিদায়ী ম্যাচে পরা জার্সিগুলোর একটি নিজ হাতে স্বাক্ষর করে রিভার প্লেটকে উপহার দিয়েছেন তিনি।

শুধু তাই নয়, জার্সিটি তিনি উৎসর্গ করেছেন ক্লাবটির সমর্থকদের উদ্দেশেও। বর্তমানে ঐতিহাসিক সেই জার্সিটি স্থান পেয়েছে রিভার প্লেটের জাদুঘরে। রিভার প্লেটের সম্মানসূচক সদস্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর মেসির এই উপহার ক্লাবটির কাছে আরও বিশেষ হয়ে উঠেছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বিশেষ ওই জার্সিতে স্বাক্ষরের পাশাপাশি আর্জেন্টাইন অধিনায়ক লিখেছেন, অনেক ভালোবাসা, রিভার প্লেটের ভক্তদের জন্য, লিও। মেসির দেওয়া স্মারকটি রিভার মিউজিয়ামে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

গত বুধবার ক্লাব সভাপতি স্টেফানো দি কার্লো মেসির হাতে সম্মানসূচক সদস্যপদের কার্ড ও একটি স্মারক ক্রেস্ট তুলে দেন। একই অনুষ্ঠানে মেসির জন্য লাল ব্যান্ডসহ তার নাম ও ১০ নম্বর লেখা একটি লাল-সাদা জার্সি তৈরি করা হয়। জার্সিটি জাদুঘরে রাখার সময় দি কার্লোর সঙ্গে ক্লাবের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ফলে এখন রিভার প্লেট সমর্থকেরা সরাসরি দেখতে পারবেন মেসির স্বাক্ষর করা শেষ আকাশি-সাদা জার্সি। ক্লাব কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, জাতীয় দল থেকে তার অবিস্মরণীয় বিদায়ের দিনে সম্মানসূচক সদস্যপদ পাওয়ার পর আর্জেন্টাইন অধিনায়ক রিভার প্লেট ভক্তদের উদ্দেশে উৎসর্গ করে তার শেষ জার্সিতে স্বাক্ষর করেছেন।