অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের রেশ কাটতে না কাটতেই নতুন চ্যালেঞ্জে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে টাইগাররা। শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।
স্টেডিয়ামে বসে খেলা দেখার পাশাপাশি টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মেও ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এই টেস্টের সম্প্রচারকারী চ্যানেল ও প্ল্যাটফর্মের তালিকা প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ঘোষণা অনুযায়ী বাংলাদেশে থাকা দর্শকরা টিভিতে টি-স্পোর্টসে সরাসরি খেলা দেখতে পারবেন। আর অনলাইনে দেখতে চাইলে ট্যাপম্যাড অ্যাপে থাকবে লাইভ স্ট্রিমিং সুবিধা।
বিভিন্ন দেশ ও অঞ্চলে খেলা দেখা যাবে যেসব মাধ্যমে— বাংলাদেশে টি স্পোর্টস ও ট্যাপম্যাড (ডিজিটাল), আফগানিস্তানে আরিয়ানা টিভি ও ইতিসালাত অ্যাপ (ডিজিটাল), ভারতে ফ্যানকোড (ডিজিটাল), পাকিস্তানে এ স্পোর্টস ও তামাশা (ডিজিটাল), শ্রীলঙ্কায় পিও টিভি ও ডায়লগ (টিভি ও ডিজিটাল), উত্তর আমেরিকায় উইলো টিভি (টিভি ও ডিজিটাল), অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস (টিভি ও ডিজিটাল), মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ক্রিকবাজ (ডিজিটাল) এবং ইউরোপ ও আফ্রিকায় স্পোর্টস সেন্ট্রাল ও স্পোর্টস টিভি (ডিজিটাল)। উল্লেখ্য, এই একমাত্র লাল বলের লড়াই শেষে আমিরাতেই জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে বাংলাদেশ ও আফগানিস্তান। আগামী ১৭ থেকে ২৩ অক্টোবর আবুধাবি ও শারজায় অনুষ্ঠিত হবে ওই সিরিজ।





















