আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের কথা থাকলেও তা আর সম্ভব হচ্ছে না ভারতীয় ক্রিকেট দলের। তবে আগামী বছরের জানুয়ারিতে ভারত বাংলাদেশ সফর করতে পারে বলে জোরালো আভাস পাওয়া গেছে। বর্তমানে এই সিরিজটি আয়োজন এবং সময় নির্ধারণ নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এবং দেশটির সরকারের মধ্যে উচ্চপর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই। বিসিসিআই-এর একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছরের শুরুর দিকে সিরিজটি আয়োজনের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে। ওই সূত্র এএনআই-কে বিস্তারিত জানিয়ে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য সরকারের সঙ্গে আলোচনা এখনো চলমান। বিসিবিও আগামী বছরের শুরুর দিকটি সময় হিসেবে পছন্দ করেছে।’
প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য, ভারতের বাংলাদেশ সফর মূলত ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা ছিল। তবে নানা জটিলতার কারণে সেটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি এক ঘোষণায় জানিয়েছিল, এই সফরে ভারত তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তবে বিসিসিআই এখন পর্যন্ত এই সফর নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা চূড়ান্ত নিশ্চয়তা দেয়নি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল এই সিরিজটি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘ভারত সিরিজ নিয়ে আলোচনা চলছে। দুই বোর্ড বর্তমানে বিষয়টি নিয়ে কথা বলছে। তারিখের ক্ষেত্রে কিছুটা এদিক-সেদিক হতে পারে।’
সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ সফর করেছিল ভারতীয় ক্রিকেট দল। তবে এরপর বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতনের পর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়। মূলত নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত সিরিজটি কেবল পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়া চলতি বছরের শুরুর দিকে বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি আরও ত্বরান্বিত হয়। এমনকি বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি। তবে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলেই মনে করা হচ্ছে, যার ইতিবাচক প্রতিফলন এই সম্ভাব্য সফরে দেখা যেতে পারে।




















