গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে উষ্ণ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের নিকট প্রেরণ করেন। এই পদত্যাগের প্রেক্ষিতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদের বিধান অনুযায়ী বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।

রাষ্ট্রপতির এই সর্বোচ্চ ও গুরুত্বপূর্ণ দায়িত্বভার গ্রহণের পর ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অ্যাটর্নি জেনারেল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হাফিজ উদ্দিন আহমদের সর্বাঙ্গীন সফলতা, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা প্রদান করেন। অন্যদিকে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করায় জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

উল্লেখ্য যে, শুক্রবার বিকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেন। এরপর আয়োজিত এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ এবং ব্যারিস্টার কায়সার কামালের স্পিকার হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি বিস্তারিতভাবে জানানো হয়। দেশের এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রীয় কার্যক্রমের নিরবচ্ছিন্ন ধারাবাহিকতা নিশ্চিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।