গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার সময় রহমান নামের এক প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটকের সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, অভিযুক্ত রহমান নিজেকে প্রভাবশালী ব্যক্তি পরিচয় দিয়ে ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দেয় এবং জনপ্রতি ৪ হাজার টাকা করে দাবি করে আসছিল।

তার গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওয়াকিটকিসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা গেছে, ওই ব্যক্তির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারণার একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই প্রতারক চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিয়ে বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ।