স্বপন রবি দাশ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বহনকারী সরকারি জিপের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মাধবপুর থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিল ইউএনওকে বহনকারী সরকারি জিপটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে জিপটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে যায়।
দুর্ঘটনায় পেছনে থাকা একটি প্রাইভেটকারও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, কাভার্ড ভ্যানটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-উ-১৪-০৯৩৬, সরকারি জিপটির নম্বর হবিগঞ্জ-১৬-১০৬৮ এবং প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো-গ-১২-৮৬২৪।
দুর্ঘটনার সময় ইউএনও মাধবপুর উপজেলা থেকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সভায় যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।















