ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি লিটারে কম জ্বালানি তেল দেওয়ার অভিযোগে মেসার্স আরেফিস ট্রেডার্স নামক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ভাদুঘর মোল্লাবাড়ি মোড় এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি জানান, মেসার্স আরেফিস ট্রেডার্সে পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রি করা হয়। প্রতিষ্ঠানটি ক্রেতাদের প্রতি লিটারে কম তেল দিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, প্রতি পাঁচ লিটার তেলে প্রায় ২০০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে, যা সরাসরি ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন।
তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ার পর প্রতিষ্ঠানটির মালিক মুসলিম আহমেদ শাহেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে সঠিক পরিমাপে তেল বিক্রির জন্য তাকে কঠোর সতর্ক করা হয়েছে। সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




















