মাফিকুল ইসলাম
দিনাজপুরের পার্বতীপুরে বিরোধের জেরে মারামারির ঘটনায় মনোরঞ্জন রায় (৫৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দুজন হলেন আশিকুজ্জামান আলো মিয়া (৩৫) ও তাঁর ভাই আসাদুজ্জামান (৩২)। তাঁরা ওই গ্রামের মোস্তাহার হোসেনের ছেলে।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, প্রয়াত শিক্ষক আজিজুল হকের বাড়ি নির্মাণের পারিশ্রমিক, কাঠের হিসাব ও শ্রমিকদের মজুরি বণ্টন নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এ ছাড়া বাড়ির পাশের রাস্তার জমি নিয়েও স্থানীয় একটি পরিবারের সঙ্গে বিরোধ চলছিল।
পুলিশ জানায়, রোববার দুপুরে এ বিরোধের জেরে কয়েকজন আজিজুল হকের বাড়িতে যান। সেখানে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বিরোধ মীমাংসার জন্য সেখানে উপস্থিত প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়ের ওপর হামলা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
তাঁকে গাছের ডাল ও লাঠি দিয়ে মারধর করা হয় বলে পুলিশের ভাষ্য। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।
মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার চক সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর বাড়িও ওই উপজেলায়।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তবে মনোরঞ্জন রায় দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২৬ অক্টোবর) ভোরে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের হাসিমপুর এলাকায় অভিযান চালিয়ে আশিকুজ্জামান আলো মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।















