শাহাবুদ্দিন আহামেদ

আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে যশোরের বেনাপোল স্থলবন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ৮৯১ ও ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিক দলের নেতাকর্মীরা।

সোমবার, ২ নভেম্বর, বিকেল পাঁচটার দিকে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হয়ে বেনাপোল সীমান্ত এলাকা প্রদক্ষিণ করে। পরে সেখানে সমাবেশে বক্তব্য দেন শ্রমিক দলের নেতারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৮৯১ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক লিটন হোসেন, ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক শহীদ আলীসহ শ্রমিক দলের নেতাকর্মীরা।

মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন,

“আপা আপা করিস না, আপা আর আসবে না। স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না।”

তিনি আরও বলেন, বেনাপোল স্থলবন্দর ও পোর্ট এলাকায় কেউ নৈরাজ্য সৃষ্টির চিন্তা করলে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

শ্রমিক দলের নেতারা জানান, আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন। বেনাপোল স্থলবন্দর এলাকায় কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।

এদিকে, বেনাপোল স্থলবন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশকে ঘিরে শ্রমিক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।