২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে থেকেই শুরু হয়েছে তীব্র মনস্তাত্ত্বিক লড়াই। মাঠের লড়াই শুরুর আগেই ফরাসি পরাশক্তিদের সতর্ক করে দিয়েছেন স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল। তার দাবি, এই হাই-ভোল্টেজ ম্যাচে স্পেনকে ভয় পাওয়া উচিত ফ্রান্সের। শনিবার (১১ জুলাই) ফক্স স্পোর্টসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ সময় আগামী বুধবার (১৫ জুলাই) রাত ১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, যেখানে বিশ্ব ফুটবলের দুই জায়ান্ট স্পেন ও ফ্রান্সের মুখোমুখি লড়াই হবে।
সেমিফাইনালে ওঠার পথটি স্পেনের জন্য ছিল রোমাঞ্চকর। গত শুক্রবার বেলজিয়ামের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ২-১ গোলে জয়লাভ করে শেষ চারে জায়গা করে নেয় তারা। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চললেও, ৮৮তম মিনিটে মিকেল মেরিনোর দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করে স্পেন। অন্যদিকে, বৃহস্পতিবার মরক্কোর বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। মাঠের সেই মহালড়াই শুরুর আগেই কথার লড়াইয়ে উত্তাপ ছড়ালেন বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল। ফরাসিদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে এই তরুণ তারকা সাফ জানিয়ে দিয়েছেন, কিলিয়ান এমবাপ্পেদের ফ্রান্সের যদি কাউকে ভয় পেতে হয়, তবে তা স্পেনকেই পাওয়া উচিত।
কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে পরাজিত করার পর সোফাই স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হন ইয়ামাল। আগামী সোমবার ১৯ বছরে পা দিতে যাওয়া এই ফুটবল প্রতিভী আত্মবিশ্বাসের সাথে বলেন, "ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা আমাদেরই পাওয়া উচিত। এর আগে আমরা ওদের টুর্নামেন্ট থেকে বিদায় করেছি, পরপর দুবার হারিয়েছি। সত্যি বলতে, আমার মনে হয় আমরাই এবারের বিশ্বকাপের সেরা দুটি দলের মধ্যে একটি। তাই বুধবারে কী হয় দেখা যাক, তবে আমাদের মনে কোনো ভয় নেই।"
নিজের দলের খেলার ধরন নিয়ে ইয়ামাল আরও বলেন, "হয়তো অনেকে মনে করতে পারেন যে আমরা দুর্দান্ত খেলছি না, কিন্তু আমরা যে দলের বিপক্ষেই খেলি না কেন, তারা আমাদের সামনে রক্ষণাত্মক হয়ে পড়ে। স্পেনের সঙ্গে সমান তালে লড়াই করার সাহস দেখায়নি কোনো দল। দিনশেষে আজ আমরা আবারও জয় পেয়েছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।"
এই সেমিফাইনালটি স্পেনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০১০ সালে বিশ্বকাপ শিরোপা জয়ের পর এই প্রথম তারা শেষ চারে উঠেছে, যা তাদের ইতিহাসে দ্বিতীয়বার। অন্যদিকে, ২০১৮ সালের চ্যাম্পিয়ন এবং কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স এবার টানা তৃতীয়বার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামছে। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেও দলের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। তিনি বলেন, "পরবর্তী ম্যাচটি নিয়ে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা পুরোপুরি এই ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছি এবং প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কে আমরা ভালোভাবেই জানি। তবে এটিও পরিষ্কার যে, আমরা ফ্রান্সকে হারাতে সক্ষম। আমাদের দলে মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। এর আগেও আমরা তাদের বিপক্ষে সেমিফাইনাল খেলে সফল হয়েছি। তবে ম্যাচটি খুব কঠিন হবে; এটি হবে শক্তি ও গতির লড়াই। জয়ের জন্য আমাদের নিজেদের সেরা রূপে খেলতে হবে।"











