ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল জাতীয় দলে ফেরা নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে। প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে টানাপোড়েনের আবহে এবার মুখ খুলেছেন তার বড় বোন এলমা আভেইরো। তার আশঙ্কা, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই এখন বেশি। তার এই মন্তব্যের পর পর্তুগালের জার্সিতে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত আন্তর্জাতিক বিরতিতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে একাদশে জায়গা পাননি রোনালদো, এমনকি পুরো সময় বেঞ্চে বসে থাকতে হয় তাকে।
এরপরই কোচ জেসুসের সঙ্গে তার মতবিরোধের খবর প্রকাশ্যে আসে। একপর্যায়ে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান আল নাসরের এই তারকা। বুধবার (১৪ অক্টোবর) একটি বই প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নিজের উদ্বেগের কথা জানান এলমা। তিনি বলেন, ‘তার না ফেরার সম্ভাবনা ফেরার সম্ভাবনার চেয়ে বেশি। আমার মনে হয়, রোনালদো ও জেসুস দুজনই কষ্টে আছে।’ পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে বলেও স্বীকার করেন তিনি। এলমার ভাষায়, ‘আমার মনে হয়, বিষয়টি একটি বন্ধ গলিতে পৌঁছে গেছে। এখন দেখা যাক কী হয়।’ এ সময় জাতীয় দলে ভাইয়ের দীর্ঘ অবদানের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। পর্তুগিজ ফুটবলে রোনালদোর ঐতিহাসিক ভূমিকা সমর্থকদের ভুলে যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেন এলমা।
প্রিয় ভাইকে এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে দেখে নিজের কষ্টের কথাও অকপটে জানান তিনি। এর আগে অবশ্য জাতীয় দলে ফিরতে চাওয়ার আগ্রহের কথা নিজেই জানিয়েছিলেন রোনালদো। তবে কোচের সঙ্গে তার সম্পর্কের বরফ গলবে কি না, তা এখনও অস্পষ্ট। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে পর্তুগালের ম্যাচগুলোতে তাকে দেখা যেতে পারে। কিন্তু এলমার সাম্প্রতিক মন্তব্যের পর সেই প্রত্যাবর্তন ঘিরে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।





















