২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব সরাসরি ফিফার কাছ থেকে ক্রয় করায় সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুসারে, ২০২৬ বিশ্বকাপের মিডিয়া রাইটস ৩.৮৫ মিলিয়ন মার্কিন ডলারে সরাসরি কেনা হয়েছে। পরবর্তীতে দেশের চারটি বেসরকারি সম্প্রচারমাধ্যমের কাছে সাব-লাইসেন্স প্রদানের মাধ্যমে ব্যয়ের একটি বড় অংশ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

এর ফলে সরকারের প্রকৃত ব্যয় বর্তমানে মাত্র চার থেকে পাঁচ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তথ্যমন্ত্রী জানান, মধ্যস্বত্বভোগীদের সরিয়ে সরাসরি ফিফার সঙ্গে আলোচনার মাধ্যমে সম্প্রচারস্বত্ব সংগ্রহের ফলে জনগণের অর্থের বড় অংকের সাশ্রয় হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, ২০২২ সালের বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার লেনদেন হয়েছিল, যা এবার সফলভাবে এড়িয়ে চলা গেছে।