মালদ্বীপের হুলহুমালে একটি অ্যাপার্টমেন্টে অবৈধভাবে মদ রাখা, সেবন ও বিক্রির অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ৩১ বছর বয়সী আল নোমান এবং ২০ বছর বয়সী রাকিবুল হাসান পাপন। পুলিশ জানায়, গত ২৬ জুন গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়। তল্লাশি অভিযান চলাকালীন তাদের ব্যবহৃত অ্যাপার্টমেন্ট থেকে মোট ১৫ বোতল মদ উদ্ধার করা হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে আদালতের কাছে রিমান্ড আবেদন জানালে, তদন্তের স্বার্থে আদালত আল নোমানকে পাঁচ দিন এবং রাকিবুল হাসান পাপনকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ জানিয়েছে, এই চক্রের সাথে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।











