ভারতের উত্তরপ্রদেশের একটি গ্রামে এক যুবককে বিয়ে করেছেন তিন বোন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি এখন দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উত্তরপ্রদেশের আমরোহা জেলার ধোরিয়া গ্রামের তিন বোন হিন্দু ধর্মীয় রীতি মেনে একই ব্যক্তিকে বিয়ে করেছেন। ওই তিন বোনের নাম সরোজ, সাবিত্রী ও সন্তোষ। তারা হাসানপুর বিধানসভা এলাকার একজন কৃষক রমেশের মেয়ে।
সম্প্রতি তারা সামাজিক যোগাযোগমাধ্যমে কন্টেন্ট তৈরি শুরু করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠেন। মাত্র কয়েক ডজন ভিডিও প্রকাশ করেই ইনস্টাগ্রাম ও ফেসবুকে তাদের অনুসারীর সংখ্যা কয়েক লাখে পৌঁছে যায়। তবে বিতর্কের সূত্রপাত হয় তখন, যখন বেশ কিছু ভিডিওতে দেখা যায় তিন বোন একই বরের সঙ্গে বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে স্পষ্ট দেখা যায়, ওই ব্যক্তি তিন কনের কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন, অগ্নিসাক্ষী হয়ে সাতপাক ঘুরছেন এবং বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন।
শুরুতে অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী মনে করেছিলেন, এটি জনপ্রিয় হয়ে ওঠার উদ্দেশ্যে তৈরি কোনো সাজানো ভিডিও বা রিল। তবে পরবর্তীতে তিন বোন আরও কিছু ভিডিও প্রকাশ করে দাবি করেন যে, বিয়ের ঘটনাটি সম্পূর্ণ সত্য। এই ঘটনাটি ঘিরে বর্তমানে সামাজিক ও ধর্মীয় বিতর্ক তৈরি হয়েছে। বেশ কিছু হিন্দু সংগঠন এই বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে, অন্যদিকে অনেকে মনে করছেন প্রাপ্তবয়স্ক হিসেবে এটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের স্বাধীনতা।
ভিডিওটি আমরোহার চামুন্ডা মন্দিরে ধারণ করা হয়েছে বলে দাবি করা হলেও মন্দির কর্তৃপক্ষ সেই দাবি অস্বীকার করেছে। তবে এই পুরো ঘটনা নিয়ে এখন পর্যন্ত তিন বোন, ওই ব্যক্তি কিংবা তাদের পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি। (সূত্র: ইন্ডিয়া টুডে)











