যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনব্যাপী সংঘাতের ঘটনায় ২০০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি এই চাঞ্চল্যকর দাবি উত্থাপন করেন। তার মতে, ইরানের প্রতিশোধমূলক সামরিক অভিযানে মার্কিন বাহিনীর যে ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে বহুগুণ বেশি।

আইআরজিসির দেওয়া বিস্তারিত তথ্যানুযায়ী, 'অপারেশন ভিক্টরি-২'-এর আওতায় যুক্তরাষ্ট্রের আটটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে লক্ষ্যভেদী হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি নির্দিষ্ট ঘাঁটির ২০টি কৌশলগত স্থাপনা ও বিমান হ্যাঙ্গারে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইরানি বাহিনী। এই বিধ্বংসী অভিযানে ধ্বংস হয়েছে ১১টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার, ১৭টি গোয়েন্দা ও অপারেশনাল ড্রোন, একটি এফ-১৫ যুদ্ধবিমান, একটি পি-৮ সামুদ্রিক টহল বিমান, একটি সি-১৭ পরিবহন বিমান এবং আটটি আকাশপথে জ্বালানি সরবরাহকারী বিমান।

অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এর আগে দাবি করেছিল যে এই সংঘাতের ফলে ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে পরবর্তীতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, সংশোধিত হিসাব অনুযায়ী নিহতের প্রকৃত সংখ্যা ১৪ জন। এর মধ্যে কয়েকজন সেনার নাম ও ছবি প্রকাশ করেছিল মার্কিন প্রশাসন।

সূত্র: সামা টিভি/আনাদোলু