পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ শিশু ও এক নারী শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

লেডি রিডিং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ২৮ শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় অন্তত ২০ শিশু আহত হয়েছে, তবে পুলিশের দাবি আহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজন শিশু আটকা পড়ে রয়েছে। তাদের উদ্ধারে জোরেশোরে অভিযান চলছে। এ ঘটনায় পুলিশ স্কুলের মালিককে গ্রেপ্তার করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করে উদ্ধার অভিযান দ্রুত শেষ করা এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দিও শোক জানিয়ে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন। এদিকে প্রাদেশিক শিক্ষা বিভাগ ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। সূত্র: জিও নিউজ