যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলায় ইরানে তিন অভিজ্ঞ পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড। গতকাল বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিহতদের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি এবং হোসেন মাহদাভিয়ান। নিহতদের মধ্যে প্রথম দুজন নৌবাহিনীর এবং তৃতীয়জন বিমানবাহিনীর সদস্য ছিলেন।
তবে তারা ঠিক কোন স্থানে হামলার শিকার হয়েছেন, সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেনি তেহরান। এছাড়া, মৃত্যুর সময় তারা যুদ্ধবিমান পরিচালনা করছিলেন কি না অথবা কোনো বিশেষ সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন কি না, সে বিষয়েও নীরবতা বজায় রেখেছে ইরান।
এই তিন পাইলটের পাশাপাশি নৌবাহিনীর আরও ছয় সদস্যের মৃত্যুর কথা নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার ও বুধবার ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে অন্তত ১৯ জন ইরানি নিহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন হামলায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে বিপ্লবী গার্ডের চার সদস্য প্রাণ হারিয়েছেন।




















