দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে প্রাণ হারিয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার এক বাংলাদেশি ব্যবসায়ী। নিহত ব্যবসায়ীর নাম বেলাল হোসেন ওরফে সুমন (৩৫)। বুধবার (৮ জুলাই) বিকেলে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে দুর্বৃত্তদের লক্ষ্য করে চালানো গুলিতে তিনি নিহত হন। নিহতের বড় ভাই মো. দুলাল এই মর্মে নিশ্চিত করেছেন।

নিহত সুমন বেগমগঞ্জ উপজেলার ৯ নম্বর মিরওয়ারীশপুর ইউনিয়নের মনির উদ্দিন মহাজন বাড়ির আব্দুল ওয়াদুদের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন সুমন। এক বছর আগে তিনি বাংলাদেশ থেকে পুনরায় সেখানে ফিরে যান। বুধবার বিকেলে একদল দুর্বৃত্ত তার দোকানে ঢুকে আচমকা গুলি চালায়। মাথা ও ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রবাসী ব্যবসায়ীর এই মর্মান্তিক মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, বিষয়টি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানতে পেরেছেন। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হবে।