সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের জন্য বড় সুখবর। দেশটির সরকার ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র নবায়নের সময়সীমা বৃদ্ধি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের শেষ পর্যন্ত শ্রমিকরা তাদের ওয়ার্ক পারমিট নবায়ন করার সুযোগ পাবেন। মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত গালফ নিউজের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, নির্দিষ্ট কিছু ক্যাটাগরির প্রবাসী শ্রমিকরা এই বিশেষ সুবিধার আওতায় আসবেন। এই সিদ্ধান্তের ফলে নিয়োগকর্তা এবং শ্রমিক—উভয় পক্ষই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় পাবেন। সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শ্রমিকের ওয়ার্ক পারমিটের মেয়াদ এক বছরেরও বেশি সময় আগে শেষ হয়ে গেছে, তারা এই সুযোগ পাবেন। পাশাপাশি, যারা কর্মক্ষেত্রে যোগদানের পর ছয় মাসের বেশি সময় পার হলেও এখনো ওয়ার্ক পারমিট পাননি, তাদের ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমবিধি প্রতিপালন জোরদার করা, কর্মসংস্থান সংক্রান্ত চুক্তির সব পক্ষের অধিকার নিশ্চিত করা এবং প্রতিষ্ঠান ও কর্মীদের নির্ধারিত সময়সীমার মধ্যে বৈধ হওয়ার সুযোগ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারি নির্দেশনায় নিয়োগকর্তা এবং কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই দ্রুত ওয়ার্ক পারমিট নবায়ন বা ইস্যু করে নেন। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, এই বিশেষ সময়সীমার মধ্যে নিয়মভঙ্গ সংশোধন করতে ব্যর্থ হলে বা প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে, প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।











