মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর)

তৃণমূল পর্যায়ে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বিকাশ এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২০২৭’ (সিজন-২)-এর ইউনিয়ন পর্যায়ে দল গঠন কার্যক্রম।

উপজেলা পরিষদের আয়োজনে, ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদের পরিচালনায় এবং দলাইকোটা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সঞ্চালনায় উপজেলার দলাইকোটা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। গত ২৭ অক্টোবর শুরু হওয়া এ কার্যক্রম আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে।

রোববার (১ নভেম্বর) বাছাই কার্যক্রমে ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। পাশাপাশি বড়তারা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শরীরচর্চা ও ক্রীড়া শিক্ষকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ, দলাইকোটা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার দেবনাথ, ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাদত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাছাইপর্বে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের শারীরিক সক্ষমতা ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের সুযোগ পায়। এ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিভাবান খেলোয়াড় নির্বাচন করে ইউনিয়ন পর্যায়ে দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজক ও উপস্থিত অতিথিরা জানান, গ্রামাঞ্চলে অনেক প্রতিভাবান শিশু-কিশোর রয়েছে। কিন্তু সুযোগ ও যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে তাদের অনেকের প্রতিভা বিকশিত হয় না। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগের মাধ্যমে এসব প্রতিভাবান খেলোয়াড়কে খুঁজে বের করে বৃহত্তর ক্রীড়াঙ্গনে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

তারা আরও বলেন, শিশু-কিশোরদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং শৃঙ্খলা, সহনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে।

তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো দক্ষ খেলোয়াড় তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।

এ সময় বাছাইপর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।