আজ থেকে শুরু হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই গল গ্যালান্টসের মুখোমুখি হবে জাফনা কিংস। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বড় ধরনের ধাক্কা খেল জাফনা। ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগে দলটির একজন মালিককে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ তদন্ত ইউনিট।

পুলিশ সূত্রে জানা গেছে, এলপিএলের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই জাফনা কিংস ফ্র্যাঞ্চাইজির ওই মালিককে হেফাজতে নেওয়া হয়েছে। খেলাধুলাসংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে চলমান একটি বিশেষ তদন্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবারের আসরে জাফনা কিংসের হয়ে খেলবেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। বিদেশি আইকন হিসেবে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও ইতোমধ্যে তাদের এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দেওয়া হয়েছে। তবে এখনও দলের সঙ্গে যোগ দেননি তারা। তাসকিন আহমেদ জাতীয় দলের দায়িত্ব পালনে বর্তমানে জিম্বাবুয়েতে অবস্থান করছেন এবং সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে ব্যস্ত রয়েছেন।

দলের সঙ্গে যুক্ত হওয়ার আগেই মালিকের গ্রেপ্তার হওয়ার ঘটনাটি দলের পরিবেশ ও মানসিকতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, শ্রীলঙ্কায় খেলাধুলায় দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইন প্রচলিত রয়েছে। ‘প্রিভেনশন অব অফেন্সেস রিলেটিং টু স্পোর্টস অ্যাক্ট’-এর আওতায় ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং এবং যেকোনো ধরনের কারচুপি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এই অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির জন্য বড় অঙ্কের জরিমানা এবং কারাদণ্ডের বিধান রয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি ম্যাচ ফিক্সিংসহ খেলাধুলায় সামগ্রিক দুর্নীতির তদন্তের আওতায় রয়েছেন। তবে তদন্তের গোপনীয়তা বজায় রাখতে তার নাম প্রকাশ করেনি বিশেষ তদন্ত ইউনিট। তদন্ত শেষ হলে এবং অভিযোগ প্রমাণিত হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।