ব্যক্তিগত জীবন, পারিবারিক দায়িত্ব, পেশাগত কর্তব্য এবং সাংগঠনিক অঙ্গীকারের মধ্যে এক নিবিড় ভারসাম্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি মনে করেন, জীবনের এই চারটি প্রধান ক্ষেত্রের মধ্যে সঠিক সমন্বয় ঘটাতে পারলেই একজন দায়িত্বশীল ব্যক্তি প্রকৃত অর্থে সফল হতে পারেন।
শনিবার (২২ আগস্ট) জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত দুদিনব্যাপী শিক্ষাশিবিরের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের সামনে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, কোনো একটি নির্দিষ্ট দায়িত্ব পালনের ক্ষেত্রে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে অন্য গুরুত্বপূর্ণ দায়িত্বকে অবহেলা করা কোনোভাবেই দায়িত্বশীলতার পরিচয় হতে পারে না। বরং আল্লাহর দেয়া প্রতিটি আমানত ও দায়িত্ব যথাযথভাবে পালন করাই একজন মুমিনের প্রকৃত কর্তব্য।
সাইফুল আলম খান মিলন দায়িত্বশীলদের জন্য একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করে বলেন, একজন দায়িত্বশীল ব্যক্তির প্রথম ও প্রধান কাজ হলো নিজেদের সময় ব্যবস্থাপনা, সঠিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং অগ্রাধিকারের তালিকা নির্ধারণ করা। তিনি বলেন, ব্যক্তিগত ইবাদত, আত্মশুদ্ধি এবং জ্ঞানচর্চার পাশাপাশি পরিবারের সদস্যদের ন্যায্য অধিকার নিশ্চিত করা অপরিহার্য। কেবল সাংগঠনিক কাজে মগ্ন থেকে পরিবারকে সময় না দেওয়া যেমন ভুল, তেমনি পারিবারিক ব্যস্ততার অজুহাত দেখিয়ে সাংগঠনিক দায়িত্ব থেকে দূরে থাকা বা অবহেলা করাও কাম্য নয়। এই দুইয়ের মধ্যে একটি সুন্দর সেতুবন্ধন তৈরি করতে হবে।
পেশাগত জীবনের গুরুত্ব আলোচনা করতে গিয়ে তিনি বলেন, একজন দায়িত্বশীলের পেশাগত দায়িত্বও একটি পবিত্র আমানত। কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা, সময়ানুবর্তিতা এবং সর্বোচ্চ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করা প্রতিটি মুসলিমের জন্য আবশ্যক। পেশাগত দায়িত্ব পালনে অবহেলা করে সংগঠনের কাজ করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বরং কর্মক্ষেত্রে আদর্শ উদাহরণ তৈরি করাই হবে সংগঠনের জন্য বড় বিজ্ঞাপন। একইভাবে সাংগঠনিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও যথাযথ পরিকল্পনা, সুষম কর্মবণ্টন, সময় ব্যবস্থাপনা, তদারকি এবং নিয়মিত পর্যালোচনার মাধ্যমে কাজকে এগিয়ে নিতে হবে।
ভারসাম্য রক্ষার কৌশল নিয়ে তিনি বলেন, দায়িত্বশীলদের সময় ব্যবস্থাপনা এবং অগ্রাধিকার নির্ধারণে অত্যন্ত দক্ষ হতে হবে। কোন কাজটি আগে করতে হবে, কোন কাজটি অন্যের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব এবং কোন কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা জরুরি—এসব বিষয়ে সুস্পষ্ট ও লিখিত পরিকল্পনা থাকা প্রয়োজন। তিনি সব কাজ নিজে করার মানসিকতা পরিহার করে দায়িত্ব অর্পণ ও কার্যকর কর্মবণ্টনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার আহ্বান জানান।
পরিবারকে একজন দায়িত্বশীলের শক্তির প্রধান উৎস হিসেবে অভিহিত করে সাইফুল আলম খান মিলন বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর আচরণ, তাদের প্রয়োজন বোঝা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি সুস্থ ও শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশ তৈরি করতে হবে। পরিবারে শান্তি ও শৃঙ্খলা থাকলে একজন দায়িত্বশীল ব্যক্তি সমাজ ও সংগঠনের কাজে অধিক মনোযোগী হতে পারবেন এবং আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবেন।
দায়িত্ব পালনের ক্ষেত্রে আত্মসমালোচনা ও নিয়মিত পর্যালোচনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রতিদিন বা সাপ্তাহিকভিত্তিতে নিজের কাজের হিসাব নেওয়া প্রয়োজন। কোথায় সফলতা এসেছে, কোথায় ঘাটতি রয়ে গেছে এবং কীভাবে সেই ঘাটতি সংশোধন করা যায়—তা চিহ্নিত করতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং ব্যক্তি, পরিবার, পেশা ও সংগঠনের মধ্যে একটি সুন্দর সমন্বয় তৈরি হবে।
তিনি আরও বলেন, লক্ষ্য কেবল সাংগঠনিক কর্মকাণ্ডের সংখ্যাবৃদ্ধি করা নয়; বরং উত্তম চরিত্র, দায়িত্বশীলতা, আমানতদারি এবং মানুষের কল্যাণের মাধ্যমে নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। ব্যক্তি জীবনে আদর্শ, পরিবারে দায়িত্বশীল, পেশায় সৎ ও দক্ষ এবং সংগঠনে সক্রিয়—এই চারটি গুণের সমন্বয় ঘটাতে পারলেই একজন দায়িত্বশীল প্রকৃত অর্থে সফল হতে পারবেন।
শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব বিভাগের সেক্রেটারি মঞ্জরুল ইসলাম ভূইয়া সংগঠন পরিচালনায় সঠিক পরিকল্পনা, সুষম কর্মবণ্টন, যথাযথ বাস্তবায়ন এবং কঠোর তদারকির ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষাশিবিরের দ্বিতীয় দিনের কার্যক্রমের শুরুতে কোরআন থেকে দারস পেশ করেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা শরিফুল ইসলাম। সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে মানুষের কল্যাণে কাজ করতে হলে প্রত্যেক দায়িত্বশীলকে নিজের জীবনে ভারসাম্য, শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। তবেই সংগঠন শক্তিশালী হবে এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
পুরো শিক্ষাশিবিরের সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন। দুই দিনব্যাপী এই শিক্ষাশিবিরে জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ ও অধ্যক্ষ মো. শাহীনুর ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন ও মাওলানা শাহাদাত হোসাইন, জেলা রাজনৈতিক সম্পাদক হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক কবিরুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান মোল্লা, যুব ও ক্রীড়া সম্পাদক আঃ রহীম মজুমদার, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল কুদ্দুস, ইমদাদুল হক, অধ্যাপক আব্দুল কাদের, কাজী বেলাল, সাভার পৌর আমির আজিজুর রহমান, সাভার থানা আমির আব্দুল কাদের, আশুলিয়া থানা আমির বশির আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আমির ইলিয়াস হোসেনসহ জেলা ও থানার বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শিক্ষাশিবিরের সমাপনী অধিবেশনে একটি উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



















