চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ডিএমপি এবং দেশের সকল মেট্রোপলিটন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি স্পষ্টভাবে বলেন, ‘‘দ্রুত তাদের আইনের আওতায় আনতে না পারলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’ এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া না হলেও, তিনি দ্রুততম সময়ে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।