নড়াইলে মাদরাসার পাঁচ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাহবুবুর রহমান নড়াইল পৌরসভার ডুমুরতলা তাফসির উদ্দিন হাফেজিয়া মাদারাসার শিক্ষক। তিনি নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট রাত আনুমানিক দেড়টার দিকে ওই মাদরাসার এক শিশু শিক্ষার্থী বলাৎকারের শিকার হয় বলে অভিযোগ ওঠে। পরদিন ২৮ আগস্ট ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত শিক্ষক মাদরাসা থেকে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে গত ৫ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন পুলিশ জানতে পারে, ওই শিক্ষক আরও পাঁচজন শিক্ষার্থীকে বলাৎকারের কথা। এই গুরুতর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করে।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল রবিবার (৬ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মাহবুবুর রহমানকে গ্রেফতার করে।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।