মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে পরিচালিত এক বিশেষ অভিযানে ২৯০ বাংলাদেশিসহ মোট ৫০৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার (১৩ জুলাই) দেশটির ১৮টি ভিন্ন ভিন্ন স্থানে একযোগে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। মূলত অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান এবং বিদেশিদের দ্বারা পরিচালিত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে এই অভিযানটি পরিচালিত হয়েছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, এই ব্যাপক অভিযানে ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, পুলিশ এবং স্থানীয় সরকারের প্রায় ৮৭৬ জন কর্মকর্তা অংশ নেন। অভিযানের সময় নিয়োগকর্তা এবং বিদেশি নাগরিকসহ মোট ২ হাজার ২৬০ জনের পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। এরপর অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে মোট ৫০৩ জনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ২৯০ জন বাংলাদেশি। এছাড়া মিয়ানমারের ১০১ জন, ইন্দোনেশিয়ার ৬৬ জন, নেপালের ৩৮ জন, ভারতের ৩৬ জন এবং অন্যান্য দেশের ১০ জন নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বয়স ২১ থেকে ৫২ বছরের মধ্যে এবং তাদের মধ্যে ৯৫ জন নারী রয়েছেন।
ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে দেশে থাকা এবং ভিসার শর্তাবলি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তদন্তে উঠে এসেছে যে, বেশ কয়েকজন ব্যক্তি নির্মাণ খাতের ভিসা থাকা সত্ত্বেও অন্য পেশায় নিয়োজিত ছিলেন। তদন্তের স্বার্থে আরও ১২০ জনকে বিশেষ নোটিশ প্রদান করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে তাদের বিভিন্ন ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগ আরও জানিয়েছে, মালয়েশিয়াজুড়ে অবৈধ অভিবাসন সংক্রান্ত দুই শতাধিক ‘হটস্পট’ চিহ্নিত করা হয়েছে, যার প্রায় অর্ধেকই অবস্থিত ক্লাং ভ্যালি এলাকায়।











