লক্ষ্মীপুরের কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলনগর উপজেলা।
রোববার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে দলীয় নেতৃবৃন্দ হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। এছাড়াও রোগী ও তাঁদের স্বজনদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার লক্ষে লিফলেট বিতরণ করেন। পরবর্তীতে নেতাকর্মীরা ঘণ্টাব্যাপী হাসপাতাল চত্বরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
এ উপলক্ষে হাসপাতাল চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কমলনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজুল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান এবং চর লরেন্স ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে এ. আর. হাফিজুল্লাহ বলেন, “আমরা একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে বদ্ধপরিকর, যেন সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, “এডিস মশার বংশবিস্তার রোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে একযোগে কার্যকর ভূমিকা রাখতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মাধ্যমেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।”
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার জামাল উদ্দিন, উপজেলা প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান মান্না, জেলা নির্মাণ শ্রমিক সভাপতি ডা. ইউছুফ, জামায়াত নেতা আক্তার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এম এ এহসান রিয়াজ





















