ইতালির ভেনিসে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী তার পোস্টে আবেগঘন ভাষায় লিখেছেন, ‘আজ ওখানে আমার সন্তানও থাকতে পারত। এভাবে শান্তিতে থাকা যায় না। এই ধরণের সহিংসতা বন্ধ করতে হবে। আমরা সবাই বিচার চাই। রাষ্ট্রের কাছে বিচার চাই।’

তিনি আরও মনে করিয়ে দেন যে, গত জুলাইয়ের কঠিন দিনগুলোতে আজমেরী হক বাঁধন ছাত্র-জনতার পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন। যখন নীরব থাকা অনেক সহজ ছিল, তখন তিনি অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠ তুলেছিলেন এবং রাজপথে নেমেছিলেন। আন্তর্জাতিক চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ভেনিস ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে তিনি ও তার পরিবার এই অমানবিক হামলার শিকার হন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে পাটওয়ারী উল্লেখ করেন, হামলার সময় তাকে জোর করে ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান বলানোর চেষ্টা করা হয়। এই বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক স্লোগান যখন ভয়, হুমকি কিংবা শক্তি প্রয়োগ করে কারও মুখে তুলে দেওয়ার চেষ্টা করা হয়, তখন সেটি আর রাজনৈতিক আদর্শ থাকে না, বরং হয়ে ওঠে জবরদস্তি ও অসহিষ্ণুতার রাজনীতি। জুলাইয়ে ছাত্র-জনতার পাশে দাঁড়ানো এই শিল্পীর ওপর এমন হামলা একেবারেই অগ্রহণযোগ্য। আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি দ্রুত ন্যায়বিচারের আহ্বান জানান।