চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ভয়াবহ দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন কর্মকর্তা।

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, সকালে হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিয়মিত অনুশীলনের অংশ হিসেবে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সেনাসদস্য প্রাণ হারান এবং এক কর্মকর্তা গুরুতর আহত হন।

আহত কর্মকর্তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে কাজ শুরু করেছে সেনাবাহিনী। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আইএসপিআর।