ঢাকার গুলশানে শুক্রবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীর একটি মিছিলের মুখে উত্তেজনা ছড়িয়েছে। এই সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১ এলাকার ভোলা মসজিদের সামনে থেকে মিছিলটি বের করার চেষ্টা করা হয়। পুলিশ যখন মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা করে, তখন বিক্ষোভকারীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকশ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন এবং পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছিল। ওসি দাউদ আরও জানান, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।