আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান অশ্লীলতার প্রবণতার তীব্র সমালোচনা করেছেন। তিনি আক্ষেপ করে বলেন, বর্তমানে একটি নোংরামিকে মোকাবিলা করতে আরেকটি নোংরামি ব্যবহৃত হচ্ছে। কে কাকে কুরুচিপূর্ণ গালি দিচ্ছে বা কে কার সাথে কী করেছে—ফেসবুকের প্রতি স্ক্রলে এখন এসবই চলছে। ৪ জুলাই (শনিবার) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

দীপ্তি চৌধুরী উল্লেখ করেন, নারী-পুরুষ নির্বিশেষে অনেকে রাজনৈতিক দল কিংবা নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে অত্যন্ত অশালীন ভাষা ব্যবহার করছেন। তাঁর মতে, গালির ধরন দেখেই বোঝা যায় যে বাঙালি জাতি যৌনতৃপ্তির অভাব বা ‘সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড’ অবস্থায় রয়েছে। তিনি অনুরোধ জানান, রাজনৈতিক দ্বন্দ্বে যৌনপ্রবৃত্তিকে জড়াবেন না। পৃথিবীতে কাউকে নিন্দা জানানো বা ভুল প্রমাণ করার জন্য অশ্লীলতা ছাড়াও আরও অনেক মার্জিত উপায় রয়েছে।