ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজের কার্যালয় থেকে বের হওয়ার সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে নিয়ে যান। ডিবিসি নিউজের কর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া কোনো মামলার সূত্রে তাকে নেওয়া হয়েছে কি না, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক জানান, অফিস থেকে বের হওয়ার মুহূর্তে ডিবি সদস্যরা ইকবাল সোবহান চৌধুরীকে সঙ্গে নিয়ে যান। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, জিজ্ঞাসাবাদের জন্য তাকে নেওয়া হয়েছে। তবে আটকের আনুষ্ঠানিক বিষয় এবং এর পেছনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তারা পরে অবহিত হন। তার ধারণা, জুলাই আন্দোলনের সময় দায়ের হওয়া কোনো মামলার সূত্র ধরেই তাকে নেওয়া হয়ে থাকতে পারে। যদিও বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন, ডিবিসি নিউজের পক্ষ থেকে তাকে কেন নিয়ে যাওয়া হয়েছে, তা জানার চেষ্টা অব্যাহত রয়েছে। বাইরে থেকে তারা দেখেছেন ডিবি সদস্যরা তাকে নিয়ে যাচ্ছেন। ফলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হলেও কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য তাদের কাছে নেই।
মুক্তাদির অনিক উল্লেখ করেন, ডিবিসি নিউজে ইকবাল সোবহান চৌধুরীর বর্তমানে কোনো পদ নেই। তিনি অতীতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। একই সময়ে ডিবিসি নিউজের ক্রাইম চিফ ও জ্যেষ্ঠ প্রতিবেদক রাজীব ঘোষকেও ডিবি সদস্যরা অফিস থেকে সঙ্গে যাওয়ার অনুরোধ করেন। তবে তাকে আটক বা জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে বলে বলা যাচ্ছে না। মুক্তাদির অনিকের ভাষ্য, রাজীব ঘোষ দীর্ঘদিন ধরে ক্রাইম বিটে কাজ করছেন এবং পুলিশের বিভিন্ন পর্যায়ে তার পরিচিতি ও যোগাযোগ রয়েছে। সেই সূত্রে ডিবি সদস্যরা তার সঙ্গে কিছু বিষয়ে কথা বলতে চেয়েছেন। তাকে আটক করে নেওয়া হয়নি, বরং কথা বলার জন্য সঙ্গে যেতে বলা হয়েছে বলেই তারা বুঝতে পেরেছেন।




















