স্বপন রবি দাশ

জাতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি সিজন-১’ প্রতিযোগিতায় উশু ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিক্ষার্থী শামসুর রহমান আনাছ। বালকদের ৪৫ কেজির নিচের ওজন শ্রেণিতে প্রতিযোগিতা করে সে এ সাফল্য অর্জন করে। জাতীয় পর্যায়ে সেরা হওয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য নির্বাচিত ৪০ শিশুর মধ্যে রয়েছে তার নাম।

আনাছ চুনারুঘাট উপজেলার হাজী আলিমুল্লাহ সিনিয়র মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ‘নতুন কুঁড়ি সিজন-১’-এর বিভিন্ন ইভেন্টে সেরা হওয়া দেশের ৪০ জন শিশুকে বিকেএসপিতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। এ তালিকায় স্থান পেয়েছে আনাছ।

আগামী ৫ নভেম্বর খুলনায় ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচিত শিশুদের আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে আনাছকেও অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

খুলনায় যাওয়ার আগে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আনাছ। এ সময় তার কোচ ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তার সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে খেলাধুলা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন।

বিকেএসপিতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের সুযোগ পাওয়ায় আনাছের ক্রীড়াজীবনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।