মধ্যরাত থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী ঢাকার জনজীবন। রোববার (১২ জুলাই) ভোর পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত, যা চলতি মাসের স্বল্প সময়ের সর্বোচ্চ বৃষ্টিপাতের তালিকায় অন্যতম। সপ্তাহের প্রথম কর্মদিবসের শুরুতেই এমন প্রবল বৃষ্টির ফলে মহানগরীর বিভিন্ন প্রান্তে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা, যার ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ।
রাজধানীর বনানী, বিজয় সরণি, কারওয়ান বাজার, শান্তিনগর, ধানমন্ডি-২৭, নিউমার্কেট, গ্রিন রোড এবং মতিঝিলের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এছাড়া মিরপুরের শেওড়াপাড়া ও কাজীপাড়াসহ বিভিন্ন নিচু এলাকায় কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমর সমান পানি জমে থাকায় চলাচলের উপায় ছিল না। জলাবদ্ধতার কারণে অফিসগামী চাকুরিজীবী এবং শিক্ষার্থীদের ভোগান্তি ছিল চরমে। গণপরিবহনের তীব্র সংকট দেখা দেওয়ায় বৃষ্টির মধ্যেই দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে অনেককে। এই সুযোগে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের অতিরিক্ত ভাড়া দাবি করার অভিযোগ উঠেছে, যা সাধারণ মানুষের কষ্ট আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ফলে অনেক যাত্রী ভিজে একাকার হয়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হতে বাধ্য হন।
সড়কে পানি জমে থাকায় বিভিন্ন স্থানে যানবাহন বিকল হয়ে পড়ে, যার ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানচলাচল স্থবির হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দিনভর থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
উদ্ভূত পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করার আহ্বান জানিয়েছে। রোববার বেলা ১১টার পর ট্রাফিক পুলিশের গুলশান বিভাগ এক সতর্কবার্তায় জানায়, টানা ভারী বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র্যাম্পের নিচের অংশসহ বনানী, খিলক্ষেত, ঢাকা গেট এবং মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে সকল মোটরযান চালক ও পথচারীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে যেন তারা সতর্ক থাকেন। বিশেষ করে জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে যানবাহন চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে ধৈর্য ধারণ করার অনুরোধ জানানো হয়েছে।











