ধার চুক্তির মেয়াদ শেষ হয়ে মার্কাস রাশফোর্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের। ইংলিশ এই উইঙ্গারের প্রতি গভীর প্রশংসা প্রকাশ করে জার্মান কোচ জানিয়েছেন, সুযোগ থাকা সত্ত্বেও তাকে স্থায়ীভাবে দলে ধরে রাখতে পারেনি কাতালান ক্লাবটি। ২০২৫-২৬ মৌসুমে ধারে বার্সেলোনার হয়ে খেলেছেন রাশফোর্ড। চুক্তির শর্ত অনুযায়ী, প্রায় ৩০ মিলিয়ন ইউরো দিয়ে তাকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর সুযোগ ছিল বার্সার সামনে। তবে ক্লাবের বর্তমান আর্থিক সীমাবদ্ধতা এবং স্কোয়াড পুনর্গঠনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কারণে সেই পথ বেছে নেয়নি স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
বার্মিংহামের বিপক্ষে প্রাক-মৌসুমের একটি প্রীতি ম্যাচ শেষে রাশফোর্ডকে নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন হান্সি ফ্লিক। তিনি বলেন, ধারে আসা খেলোয়াড়দের ভবিষ্যৎ সবসময়ই অনিশ্চিত থাকে, তবে রাশফোর্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। ফ্লিক আরও যোগ করেন, 'তার সঙ্গে কাজ করতে পেরে আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত। সে শুধু একজন অসাধারণ ফুটবলারই নন, বরং মানুষ হিসেবেও অত্যন্ত দুর্দান্ত। দল তাকে মিস করবে, আর আমিও তাকে খুব মিস করব। তবে এটাই ফুটবলের রূঢ় বাস্তবতা।'
স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনা আরও এক মৌসুমের জন্য রাশফোর্ডকে ধারে রাখতে আগ্রহী ছিল। তবে ইতোমধ্যে অ্যান্থনি গর্ডন এবং কারিম আদেইয়েমিকে দলে ভেড়ানোর পর সেই সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়। এদিকে ধারের মেয়াদ শেষ হওয়ায় চলতি মাসেই ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দেবেন রাশফোর্ড। তবে তার ভবিষ্যৎ এখনও পুরোপুরি নিশ্চিত নয়। বিভিন্ন ফুটবল সংবাদমাধ্যমে বলা হয়েছে, ইউনাইটেড যদি তাকে বিক্রি করতে রাজি হয়, তবে ট্রান্সফার ফি হিসেবে প্রায় ৪০ মিলিয়ন ইউরো দাবি করতে পারে। তবে সরাসরি কোনো প্রতিদ্বন্দ্বী ক্লাবের কাছে তাকে ছাড়তে আগ্রহী নয় ইংলিশ ক্লাবটি।
বার্সেলোনা ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বিদায়বার্তা দিয়েছেন ২৮ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড। ক্লাব কর্তৃপক্ষ, সতীর্থ এবং সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বার্সায় কাটানো এই সময়টি তার ফুটবল ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।











