তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীর ওপর ৫ লাখ টাকা জরিমানা আরোপের শুনানি চলাকালীন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে তীব্র বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। শুনানির এক পর্যায়ে ব্যারিস্টার খোকন প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে সরাসরি মন্তব্য করেন যে, তাঁর প্রধান বিচারপতি হওয়ার পর থেকে আইনজীবীদের আয় বা ইনকাম কমে গেছে। এই মন্তব্যের পরপরই প্রধান বিচারপতি ও বার সভাপতির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয় এবং এজলাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠলে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতিরা এজলাস ত্যাগ করতে বাধ্য হন। আদালতের ভেতরে এমন নজিরবিহীন ঘটনাটি আইনি অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার জন্ম দিয়েছে।




















