জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্টের জন্য প্রস্তুত হচ্ছে এশিয়ার দেশগুলো। এই মর্যাদাপূর্ণ মহাদেশীয় ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মূলত আইসিসি র্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রথম রাউন্ডের লড়াই এড়িয়ে সরাসরি মূলপর্বে নিজেদের স্থান নিশ্চিত করেছে।
গত ২৩ জুলাই পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের অফিসিয়াল ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী, পুরুষ বিভাগে মোট ১০টি দল শিরোপার লড়াইয়ে অংশ নেবে। তবে সব দল শুরু থেকেই মূলপর্বে খেলার সুযোগ পাবে না। শীর্ষ চারটি দল সরাসরি নকআউট পর্বে প্রবেশ করলেও বাকি ছয়টি দলকে মূলপর্বে জায়গা করে নিতে প্রথম রাউন্ডের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। প্রথম রাউন্ডের বিন্যাস অনুযায়ী, 'এ' গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। অন্যদিকে 'বি' গ্রুপে লড়াই করবে হংকং, মালয়েশিয়া ও ওমান। এই দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল নকআউট পর্বে উত্তীর্ণ হবে এবং কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে পুরুষদের এই হাই-ভোল্টেজ প্রতিযোগিতা।
অন্যদিকে, নারী ক্রিকেট ইভেন্টে অংশ নিচ্ছে মোট ৮টি দল। দলের সংখ্যা সীমিত হওয়ায় মেয়েদের প্রতিযোগিতা সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। আগামী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নারী ক্রিকেট ইভেন্ট। ড্র অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ হিসেবে লড়বে জাপান। অন্যদিকে বাংলাদেশের মুখোমুখি হবে চীন। এছাড়া শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিরুদ্ধে এবং পাকিস্তানের প্রতিপক্ষ হবে থাইল্যান্ড। এশিয়ার ক্রিকেট ময়দানে নিজেদের আধিপত্য বজায় রাখতে এবং শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জয়ী হতে উদগ্রীব বাংলাদেশসহ সব অংশগ্রহণকারী দেশ।











