হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের অভিযান চালিয়ে প্রায় ৮৬১ দশমিক ৮ গ্রাম (প্রায় ৭৪ ভরি) স্বর্ণালংকারসহ তিন চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ (২৪) ও মো. হাছান মিয়া (২৩)। বৃহস্পতিবার দিবাগত রাতে এক বিশেষ তল্লাশি অভিযানের মাধ্যমে তাদের হেফাজত থেকে এসব স্বর্ণালংকার জব্দ করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির জানান, গতকাল রাতে বিমানবন্দরের গোলচত্বর সংলগ্ন উত্তর পাশের ফুটপাতে ওই তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে সতর্ক এপিবিএন ফোর্স তাদের দ্রুত পদক্ষেপ নিয়ে আটক করে। পরবর্তীতে তাদের শরীর ও ব্যবহৃত সামগ্রী তল্লাশি করে মোট ৮৬১ দশমিক ৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে, উদ্ধার করা স্বর্ণালংকারগুলো ২১ ও ২২ ক্যারেটের। বর্তমান বাজারমূল্য অনুযায়ী এসব স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, উদ্ধার করা স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতপরিচয় যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয়েছিল। তদন্তে আরও জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।

পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির আরও বলেন, বিমানবন্দর এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সম্পূর্ণ আপসহীন এবং যেকোনো ধরনের অপরাধ দমনে আমরা অঙ্গীকারবদ্ধ। চোরাচালান প্রতিরোধ ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই অত্যন্ত সক্রিয় ও তৎপর ভূমিকা পালন করছে। স্বর্ণ ও মাদক চোরাচালানের মতো অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো অবৈধ চোরাচালান রোধে আমাদের এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান চলমান থাকবে।