ঘরোয়া ক্রিকেটে রীতিমতো তাণ্ডব চালালেন ভারতীয় তারকা ক্রিকেটার অভিষেক শর্মা। পঞ্জাব আন্তঃজেলা সিনিয়র প্রতিযোগিতায় অমৃতসরের হয়ে নেমে ওয়ানডে ফরম্যাটে এক বিধ্বংসী ডবল সেঞ্চুরি হাঁকালেন এই বাঁহাতি ওপেনার। মাত্র ৯১ বলে ২৩৩ রানের এক ‘সুপার সাইক্লোনিক’ ইনিংস খেলেন তিনি, যা ক্রিকেট প্রেমীদের তাক লাগিয়ে দিয়েছে। তার এই অবিশ্বাস্য ইনিংসটি সাজানো ছিল ১৫টি চার এবং ২৫টি বিশাল ছক্কায়। পুরো ইনিংস জুড়ে তার স্ট্রাইক রেট ছিল ২৫৬.০৪।

রবিবার অমৃতসরের গান্ধী গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অভিষেক। প্রতিপক্ষ বোলারদের কোনো সুযোগই দেননি তিনি। অভিষেকের এই মারকুটে ব্যাটিংয়ের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৩৩ রানের এক বিশাল পাহাড় গড়ে তোলে অমৃতসর দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই এই ইনিংসের ভিডিও এবং স্কোরকার্ড ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা তার এই পারফরম্যান্সকে একটি শক্তিশালী ‘স্টেটমেন্ট নক’ হিসেবে অভিহিত করেছেন।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক সময়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন অভিষেক। বছরের শুরুতে টি-টোয়েন্টি ব্যাটারদের আইসিসি ক্রমতালিকার শীর্ষে থাকলেও বর্তমানে তিনি নেমে এসেছেন তিন নম্বরে। জিম্বাবুয়ে সফরে তিন ইনিংসে তার সংগ্রহ ছিল মাত্র ১১ রান, যেখানে গড় ছিল ৩.৬৬। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টি-টোয়েন্টি ম্যাচে তিনি ১৩১ রান করেন (গড় ২৬.২) এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে করেন ৪৯ রান (গড় ২৪.৫)। শেষ ১০টি টি-টোয়েন্টি ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র একটি হাফসেঞ্চুরি।

বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে অফ-স্পিনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বারবার উইকেট হারিয়েছেন তিনি। বিশ্বকাপের পর প্রতিপক্ষ অধিনায়করা এই দুর্বলতাকে পুঁজি করে বারবার আক্রমণ চালিয়েছেন। পরিসংখ্যানও এই মন্দার কথা বলে। বিশ্বকাপের আগে অভিষেকের ব্যাটিং গড় ছিল ৩৭.০৫ এবং স্ট্রাইক রেট ছিল প্রায় ১৯৫। কিন্তু বিশ্বকাপের পর সেই গড় নেমে এসেছে ১৯.৪-এ এবং স্ট্রাইক রেট কমে দাঁড়িয়েছে ১৬৫-এর কাছাকাছি। এই প্রতিকূল পরিস্থিতির মাঝে ২৩৩ রানের এই বিশাল ইনিংসটি নিঃসন্দেহে অভিষেকের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।