২০২৬ বিশ্বকাপের একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে এবার বড় ধরনের আইনি লড়াইয়ের মুখে পড়ল ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং সংস্থাটির উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে ১০০ কোটি (১ বিলিয়ন) মার্কিন ডলারের বিশাল অংকের ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) বোস্টনের ফেডারেল আদালতে এই মামলাটি দায়ের করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ইরানি-আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক কাভেহ লতফোল্লাহ আফরাসিয়াবি। মামলার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে মিশরের বিপক্ষে ইরানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ।

মামলার আরজিতে অভিযোগ করা হয়েছে যে, ওই ম্যাচের চূড়ান্ত মুহূর্তে ইরানের করা একটি গোল ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) পর্যালোচনার মাধ্যমে অত্যন্ত বিতর্কিতভাবে বাতিল করা হয়। ম্যাচের অতিরিক্ত সময়ে শোজা খলিলজাদেহ গোলটি করেছিলেন, কিন্তু ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে তা বাতিল করা হয়। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয় এবং এই ফলাফলের মধ্য দিয়েই ইরানের নকআউট পর্বে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায়। সে সময় আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছিল, ভিএআর পর্যালোচনার ভিত্তিতেই গোলটি অফসাইড হিসেবে গণ্য করে বাতিল করা হয়েছিল, যা নিয়ে ফুটবল মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছিল।

কাভেহ আফরাসিয়াবি আদালতের কাছে কোটি কোটি ইরানি ও ইরানি-আমেরিকান ফুটবল সমর্থকের আবেগ ও অধিকারের কথা উল্লেখ করে একটি 'ক্লাস-অ্যাকশন' মামলা পরিচালনার অনুমতি চেয়েছেন। তার দাবি, ভিএআরের ওই বিতর্কিত সিদ্ধান্তটি ইরানের সঙ্গে চরম অন্যায় করেছে এবং দলটিকে শেষ ৩২-এ খেলার সুযোগ থেকে অন্যায়ভাবে বঞ্চিত করেছে, যা লক্ষ লক্ষ ফুটবল প্রেমীর কাছে মেনে নেওয়া অসম্ভব।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে যে, পুরো টুর্নামেন্টজুড়ে ফিফা ইরানের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে এবং ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সমান ও ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তবে এই গুরুতর আইনি পদক্ষেপ এবং অভিযোগের বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য জানানো হয়নি।