আব্দুল্লাহ আল হাসিব: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সার্বিক সহযোগিতায় এবং ‘জাস্ট স্পোর্টস ক্লাব’-এর উদ্যোগে তিন মাসব্যাপী আত্মরক্ষামূলক মার্শাল আর্ট কোর্সের ৩য় ব্যাচের সমাপনী, ৪র্থ ব্যাচের বরণ ও বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম একাডেমি ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মার্শাল আর্ট কোর্সের ৩য় ব্যাচের প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে সনদ বিতরণ এবং ৪র্থ ব্যাচের নবীন প্রশিক্ষণার্থীদের বরণ করে নেওয়া হয়। একইসঙ্গে রেগুলার ব্যাচের শিশু প্রশিক্ষণার্থীদের বেল্ট ও ব্ল্যাকবেল্ট প্রদান করা হয়।
এছাড়া জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে আনা দুই কৃতি শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত ‘সিলেট উশু চ্যাম্পিয়নশিপ’-এ রৌপ্য পদক অর্জন করায় তাদের এ সম্মাননা দেওয়া হয়।
জাস্ট স্পোর্টস ক্লাবের বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠানে যবিপ্রবি প্রেসক্লাবের প্রতিনিধিত্ব করেন সংগঠনের আমন্ত্রিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ও রোমাঞ্চকর মার্শাল আর্ট প্রদর্শনী। এতে খালি হাতে আত্মরক্ষার বিভিন্ন কৌশল, লাঠি ও তলোয়ার খেলা, শিশুদের তাই-চি প্রদর্শনী এবং কিক দিয়ে উইকেট ভাঙার কৌশল প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও শারীরিক সক্ষমতা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
সবশেষে অতিথিদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।





















