আব্দুল্লাহ আল হাসিব: ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী আলোচনা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ।

দিবসটি উপলক্ষে বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ড. এম. আর. খান মেডিকেল সেন্টারে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।

আয়োজকরা জানান, ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা ও মানুষের সুস্থ জীবনে এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় ফিজিওথেরাপি সেবা নিশ্চিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সপ্তাহব্যাপী কর্মসূচিতে ফিজিওথেরাপি ও পুনর্বাসন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান।

ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ কর্মসূচির আয়োজন করছে।