আব্দুল্লাহ আল হাসিব।

আন্তর্জাতিক অণুজীব দিবস (International Microorganisms Day— IμD) ২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মাসব্যাপী উদযাপন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের উদ্যোগে এবং যবিপ্রবি মাইক্রোবায়োলজি ক্লাব (JUSTMBC) ও বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টসের সহযোগিতায় এ কর্মসূচির যাত্রা শুরু হয়।

উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স (Antibiotic Resistance) বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। প্রচারণার মাধ্যমে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ও ভুল ব্যবহার, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের (AMR) ঝুঁকি এবং এর প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত থেকে আয়োজকদের উদ্যোগকে প্রশংসা ও উৎসাহিত করেন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিসর থেকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ইস্যুতে সচেতনতা তৈরির এ উদ্যোগকে তারা ইতিবাচকভাবে গ্রহণ করেন।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬ উপলক্ষে এটি কেবল শুরু। মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অণুজীববিজ্ঞান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলা এবং ‘One Health’ ধারণাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া এই সচেতনতামূলক বার্তা যশোর অঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় রয়েছে। অণুজীববিজ্ঞানকে সবার কাছে সহজবোধ্য করে তুলে ধরার পাশাপাশি অ্যান্টিবায়োটিকের দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে সামাজিক সচেতনতা তৈরিতে ধারাবাহিকভাবে কাজ করা হবে।

আয়োজকদের প্রত্যাশা, সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।