২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট সদরের খুনিয়াগাছ এসসি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘আলোকিত লালমনিরহাট’ গড়ার লক্ষ্যে নারীদের সক্ষমতা বৃদ্ধি, খেলাধুলার মানোন্নয়ন ও সামাজিক উন্নয়ন বিষয়ক এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি তিস্তা মহাপরিকল্পনার গুরুত্ব অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেন।
ত্রাণমন্ত্রী বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ২০২৭ সালে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে। তিস্তা নদী ও এর তীরবর্তী মানুষের দীর্ঘদিনের ভোগান্তি ও জলাবদ্ধতা দূর করতে এই মহাপরিকল্পনা একটি যুগান্তকারী ভূমিকা রাখবে।’ এ সময় তিনি মাদকাসক্তি, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক ব্যাধি ও অপরাধ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জোরালো আহ্বান জানান। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারকে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
পাশাপাশি বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭৫০টি পরিবারের মাঝে ২০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়।




















