সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে সার্ভার জটিলতার কারণে পাসপোর্ট সেবা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর ফলে দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য সেবাগ্রহীতা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকেই এই কারিগরি ত্রুটির কারণে অফিসটির নিয়মিত সেবা কার্যক্রম ব্যাহত হতে শুরু করে। ফলে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়েও প্রয়োজনীয় সেবা না পেয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে আবেদনকারীদের।

অফিসে সেবা নিতে আসা জাহিদ আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমি নির্ধারিত সময়েই অফিসে এসেছি। কিন্তু সার্ভার সমস্যার কারণে কোনো কাজ হচ্ছে না। সার্ভার ঠিক হতে আর কত সময় লাগবে, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাচ্ছি না। এতে আমাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।"

একই কথা জানান আরেক সেবাগ্রহীতা শাহজাহান সিরাজ। তিনি বলেন, "আজ আমার পরিবারের চার সদস্যের পাসপোর্ট করার কথা ছিল। কিন্তু সার্ভার জটিলতার কারণে আমরা কোনো সেবা পাচ্ছি না।"

বিষয়টি নিশ্চিত করে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপসহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম পাটওয়ারী জানান, সার্ভার জটিলতার কারণে পাসপোর্ট সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর ফলে অফিসের নিয়মিত কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, কারিগরি সমস্যার কারণে সেবাগ্রহীতাদের নির্ধারিত সেবা প্রদানে সাময়িক অসুবিধা হচ্ছে। দ্রুত সার্ভার সচল হলে পুনরায় স্বাভাবিকভাবে পাসপোর্ট সেবা কার্যক্রম চালু হবে।