সাধন সাহা জয়
রাজধানী ঢাকার শাহবাগের ফুটপাতে বসবাসকারী অসহায় নারী গোল্লাপি বেগমকে নতুন বাড়ি নির্মাণ করে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক, প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল নতুন এই বাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকেদুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে গোল্লাপি বেগমের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর পক্ষে নতুন বাড়ির চাবি হস্তান্তর করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।
এ সময় আরও উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যবৃন্দ। সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।




















