প্রকৃতির সান্নিধ্যে ঝর্ণার পানিতে আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছিলেন পর্যটকরা। কিন্তু সেই আনন্দ নিমেষেই আতঙ্কে রূপ নিল যখন ওপর থেকে বিশাল আকৃতির একটি সাপ হঠাৎ এক যুবকের কাঁধের ওপর এসে পড়ল। ভারতের মহারাষ্ট্রের সাহাদ্রি পাহাড়ের জনপ্রিয় আম্বোলি ঝর্ণায় সম্প্রতি এই রোমহর্ষক ঘটনাটি ঘটে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানা যায়, একটি পরিবার আম্বোলি ঝর্ণায় ঘুরতে গিয়েছিলেন। ঝর্ণার পানিতে দুই নারী বসে ভিজছিলেন এবং তাদের সামনেই এক যুবক ছোট শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় হঠাৎ ঝর্ণার পানির তোড়ে ভেসে এসে একটি বড় সাপ সরাসরি ওই যুবকের কাঁধে আছড়ে পড়ে। আকস্মিক এই ঘটনায় যুবকটি হতভম্ব হয়ে পড়েন এবং সাপটি দ্রুত পাশের পাথরের আড়ালে চলে যায়।

এই দৃশ্য দেখে উপস্থিত পর্যটকদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে চিৎকার করে নিরাপদ আশ্রয়ে সরে যান। পুরো ঘটনার ভিডিও এক পর্যটকের মোবাইলে ধারণ করা হয়, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, এটি সম্ভবত কিং কোবরা! তবে সাপটি আসলে কোন প্রজাতির ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।