সাতক্ষীরার শ্যামনগরে মোবাইল টাওয়ার থেকে পড়ে মাসুম হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গ্রামীণফোনের একটি মোবাইল টাওয়ার থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম হোসেন বংশীপুর গ্রামের মজিদ গাজীর ছেলে। নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, রাতে টাওয়ারে ওঠার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান মাসুম। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবেই মরদেহ দাফন করা হয়েছে।