বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে ভোট দেননি ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান।
এফডিসিতে অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে চলচ্চিত্রপাড়ায় ব্যাপক উৎসবমুখর পরিবেশ থাকলেও শাকিব খানের অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের সময় তিনি দেশেই ছিলেন না। নির্বাচনের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতের ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
ফলে শুক্রবার অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে তার ভোট দেওয়া সম্ভব হয়নি। ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এবারের যুক্তরাষ্ট্র সফরের অন্যতম আকর্ষণ হলো ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ সরাসরি মাঠে বসে উপভোগ করা। আর্জেন্টিনার বড় ভক্ত শাকিব খান নিজের প্রিয় দলকে শিরোপার লড়াইয়ে দেখতে খুবই আগ্রহী। যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং টিকিট সংগ্রহ করতে পারেন, তবে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ দেখার পরিকল্পনা রয়েছে তার। তবে শুধু বিশ্বকাপ দেখার জন্যই নয়, এই যুক্তরাষ্ট্র সফরের আরেকটি গুরুত্বপূর্ণ কারণও রয়েছে।
দেশটির স্থায়ী বাসিন্দার অনুমতিপত্র বা গ্রিন কার্ডধারী হওয়ায় অভিবাসনসংক্রান্ত নিয়ম মেনে নির্দিষ্ট সময় পরপর তাকে সেখানে অবস্থান করতে হয়। সেই আইনি আনুষ্ঠানিকতার অংশ হিসেবেও এই সফরটি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে, শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। উল্লেখ্য, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপের বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। শাকিবের এই সফরকে কেন্দ্র করে তার ভক্তদের মাঝেও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। সব মিলিয়ে শাকিব খানের অনুপস্থিতি নির্বাচনে একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।











