বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা সম্প্রতি এক সাক্ষাৎকারে শুটিং সেটের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘ওয়ার’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী জানান, পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে সহ-অভিনেতাদের আচরণে একাধিকবার অস্বস্তি ও অপমানের মুখে পড়েছেন তিনি।
জনপ্রিয় ইউটিউবার ও সঞ্চালক সিদ্ধার্থ কাননের শোতে অতিথি হয়ে এসেছিলেন অনুপ্রিয়া। সেখানে সঞ্চালক জানতে চান, শুটিংয়ের সময় কোনো সহ-অভিনেতা তার সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন কি না। জবাবে অভিনেত্রী একটি চুম্বন দৃশ্যের শুটিংয়ের অপ্রীতিকর স্মৃতির কথা তুলে ধরেন। তিনি বলেন, “একবার এমন হয়েছিল, যখন মানুষটি ইচ্ছাকৃতভাবে কিছু করেননি, কিন্তু উত্তেজনায় নিজেকে সামলাতে পারেননি। আমি বুঝতে পারছিলাম, তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, যা একেবারেই হওয়া উচিত নয়। তখন নিজেকে লাঞ্ছিত মনে হয়েছিল।” আরেকটি ঘটনার কথা জানিয়ে অনুপ্রিয়া বলেন, সেবার তার পোশাক খুব একটা আরামদায়ক ছিল না। তিনি আশা করেছিলেন সহ-অভিনেতা তাকে সহায়তা করবেন, কিন্তু উল্টো তার আচরণ অত্যন্ত বিব্রতকর ও অস্বস্তিকর ছিল। ওই মুহূর্তে তাৎক্ষণিক প্রতিবাদ করা কঠিন ছিল বলেও জানান তিনি। কারণ অভিযুক্ত ব্যক্তি বিষয়টি ‘ভুলবশত হয়েছে’ বলে এড়িয়ে যেতে পারতেন। পরে সুযোগ বুঝে ব্যক্তিগতভাবে ওই অভিনেতাকে সংযত হওয়ার অনুরোধ জানালে তিনি তা মেনে নেন।
তবে সাক্ষাৎকারে ওই সহ-অভিনেতার নাম প্রকাশ করেননি তিনি। অনুপ্রিয়ার মতে, চিত্রনাট্যের প্রয়োজনে সিনেমা বা ওয়েব সিরিজে অন্তরঙ্গ দৃশ্য থাকতেই পারে। তবে শুটিং ফ্লোরে পরিচালক ও শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সহজেই এড়ানো সম্ভব। প্রসঙ্গত, ২০১৪ সালে ‘ববি জাসুস’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে অনুপ্রিয়া গোয়েঙ্কার। এরপর ‘ঢিশুম’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘পদ্মাবত’ ও ‘ওয়ার’-এর মতো বড় বাজেটের ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। সম্প্রতি অপরশক্তি খুরানা ও রাহুল বোসের সঙ্গে ‘বার্লিন’ সিনেমায় তার অভিনয় সমালোচকদের নজর কেড়েছে। বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও দারুণ সফল তিনি। তার উল্লেখযোগ্য ওয়েব সিরিজগুলোর মধ্যে রয়েছে ‘সেক্রেড গেমস’, ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘অসুর: ওয়েলকাম টু ইয়োর ডার্ক সাইড’, ‘আশ্রম’ ও ‘সুলতান অব দিল্লি’।




















