মিডিয়া ক্যারিয়ারে কখনো কোনো অনৈতিক বা আপত্তিকর প্রস্তাব পাননি বলে দাবি করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক দীর্ঘ পোস্টে তিনি তার ১৪ বছরের পেশাগত জীবন, ব্যক্তিগত সংগ্রাম এবং তাকে ঘিরে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও গুজব নিয়ে খোলাখুলি কথা বলেছেন।

নিজের ক্যারিয়ারের শুরুর কথা স্মরণ করে শবনম ফারিয়া জানান, ২০১২ সালে পড়াশোনার পাশাপাশি ফটোশুট ও বিজ্ঞাপনের মাধ্যমে বিনোদন জগতে তার প্রবেশ ঘটে। ২০১৩ সালে প্রথম টেলিফিল্মে অভিনয়ের সুযোগ পেলেও পরিবারের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থেকে স্নাতক সম্পন্ন না করা পর্যন্ত তিনি নিয়মিত অভিনয় থেকে বিরত থাকেন। পরবর্তীতে ২০১৫ সালে স্নাতক শেষ করার পর ২০২০ সাল পর্যন্ত তিনি নিয়মিত পর্দায় কাজ করেছেন। তবে এরপর করোনাভাইরাস মহামারি, ব্যক্তিগত জীবনের কিছু পরিবর্তন এবং শারীরিক অসুস্থতার কারণে কাজের গতি কমিয়ে দিতে হয় তাকে।

শারীরিক সমস্যা প্রসঙ্গে অভিনেত্রী জানান, তিনি পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম (পিসিওএস)-এর মতো স্বাস্থ্য সমস্যায় ভুগেছিলেন। এর ফলে তার ওজন বেড়ে যাওয়ায় ক্যামেরার সামনে তিনি আগের মতো স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। এই প্রতিকূল সময়েই তিনি নিজের পড়াশোনার প্রতি মনোনিবেশ করেন, মাস্টার্স সম্পন্ন করেন এবং একটি চাকরিতে যোগ দেন।

নিজের পেশাগত সততা ও মর্যাদা প্রসঙ্গে ফারিয়া অত্যন্ত দৃঢ়ভাবে লিখেছেন, তার ১৪ বছরের দীর্ঘ কর্মজীবনে কেউ তাকে সরাসরি বা পরোক্ষভাবে কোনো অশোভন বা অনৈতিক প্রস্তাব দেওয়ার সাহস দেখায়নি। তিনি বলেন, “আমি অনেক বড় গলায় বলতে পারি, এই দীর্ঘ ১৪ বছরে কেউ কোনোদিন, সরাসরি কিংবা আকারে-ইঙ্গিতে আমাকে কোনো খারাপ প্রস্তাব দেয়নি কিংবা দেওয়ার সাহসও পায়নি। আমি বিশ্বাস করি, আমি কাকে আমার কাছে কতটুকু অ্যাক্সেস দেব, সে ঠিক ততটুকুই পৌঁছাতে পারবে।”

ইন্ডাস্ট্রির সঙ্গে তার সম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানান, মিডিয়ার অধিকাংশ মানুষই তাকে স্নেহ করেন। বিশেষ করে ২০১৯ সালে তার বিয়ের অনুষ্ঠানটি পুরো ইন্ডাস্ট্রির জন্য একটি উৎসবের মতো হয়ে উঠেছিল এবং সহকর্মীরা অত্যন্ত আনন্দের সাথে সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তবে তার স্বভাব নিয়ে কিছু কথা প্রচলিত ছিল। তিনি স্বীকার করেন, মিডিয়ায় তার বদনাম ছিল যে তিনি খুব রাগী। তবে এর বাইরে অন্য কোনো নেতিবাচক ঘটনার কথা কেউ প্রমাণসহ বলতে পারবে না বলে তিনি গ্যারান্টি দিয়েছেন।

কাজের ধরন সম্পর্কে শবনম ফারিয়া স্পষ্ট করে বলেন, তিনি সর্বদা পরিচালকদের মাধ্যমেই কাজ করেছেন। কোনো প্রযোজকের সঙ্গে কাজের জন্য তাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হয়নি। এছাড়া পরিচালক ও প্রযোজকদের ব্যক্তিগত পার্টি নিয়ে বাইরের যে নেতিবাচক ধারণা প্রচলিত আছে, বাস্তবের সাথে তার মিল নেই বলে তিনি মনে করেন। তার মতে, অধিকাংশ নির্মাতা তাদের কাজ নিয়েই অত্যন্ত ব্যস্ত থাকেন।

যারা তার নামে গুজব ছড়ান, তাদের কঠোর সতর্কবার্তা দিয়েছেন এই অভিনেত্রী। তিনি পরিষ্কার জানিয়েছেন, তার বিরুদ্ধে কেউ মিথ্যা অভিযোগ তুললে তিনি তার কাছে থাকা স্ক্রিনশট বা কল রেকর্ড জনসমক্ষে প্রকাশ করবেন এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। সবশেষে সমালোচকদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, তাকে নিয়ে কোনো মন্তব্য করার আগে যারা মিডিয়াতে কাজ করেন, তাদের কাছ থেকে তার সম্পর্কে জেনে নেওয়া উচিত।